12হীরম সাথে আরও বললেন: “ইস্রায়েলের সদাপ্রভু সেই ঈশ্বরের প্রশংসা হোক, যিনি স্বর্গ ও মর্ত্য তৈরি করেছেন! তিনি রাজা দাউদকে এমন এক বিচক্ষণ ছেলে দিয়েছেন, যিনি বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টিতে পরিপূর্ণ, এবং তিনিই সদাপ্রভুর জন্য এক মন্দির ও নিজের জন্য এক প্রাসাদ তৈরি করবেন।
13“আমি আপনার কাছে সেই হূরম-আবিকে পাঠাচ্ছি, যে যথেষ্ট দক্ষ এক লোক,
14যার মায়ের বাড়ি দানে ও বাবার বাড়ি সোরে। সে সোনা ও রুপোর, ব্রোঞ্জ ও লোহার, পাথর ও কাঠের, এবং বেগুনি, নীল ও রক্তলাল সুতোর এবং মিহি মসিনার কাজে প্রশিক্ষণ পেয়েছে। সব ধরনের খোদাইয়ের কাজে সে অভিজ্ঞ এবং তাকে দেওয়া যে কোনো নকশা সে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। সে আপনার দক্ষ কারিগরদের ও আপনার বাবা, আমার প্রভু দাউদের দক্ষ কারিগরদের সাথেও কাজ করবে।
15“এখন আপনার করা প্রতিজ্ঞানুসারেই হে আমার প্রভু, আপনি আপনার দাসদের কাছে গম ও যব এবং জলপাই তেল ও দ্রাক্ষারস পাঠিয়ে দিন,
16এবং আমরাও আপনার চাহিদানুসারে লেবানন থেকে কাঠের গুঁড়িগুলি কেটে সমুদ্রপথে সেসব ভেলায় করে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। পরে আপনি সেগুলি জেরুশালেমে উঠিয়ে নিয়ে যেতে পারবেন।”