18শলোমন এই যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলি পরিমাণে এত বেশি হল যে ব্রোঞ্জের ওজন হিসেব করে রাখা যায়নি।
19এছাড়াও শলোমন সেইসব আসবাবপত্রাদি তৈরি করলেন, যেগুলি ঈশ্বরের মন্দিরে রাখা হল: সোনার যজ্ঞবেদি; দর্শন-রুটি রাখার টেবিলগুলি;
20যেমনভাবে তৈরি করতে বলা হল, ঠিক সেভাবেই তৈরি করা বাতি সমেত খাঁটি সোনার সেই দীপাধারগুলি, যেগুলি মহাপবিত্র স্থানের সামনে জ্বালাতে হত;
21সোনার ফুলের কাজ এবং প্রদীপ ও চিমটেগুলি (সেগুলি নিরেট সোনা দিয়ে তৈরি হল);
22খাঁটি সোনা দিয়ে তৈরি পলতে ছাঁটার যন্ত্র, জল ছিটানোর জন্য ব্যবহারযোগ্য বাটি, তথা থালা ও ধূপদানিগুলি; এবং মন্দিরের সোনার দরজাগুলি: মহাপবিত্র স্থানের দিকে থাকা ভিতরদিকের দরজাগুলি ও প্রধান বড়ো ঘরের দরজাগুলি।