14অবশালোম ও সব ইস্রায়েলী লোকজন বলল, “অর্কীয় হূশয়ের পরামর্শটি অহীথোফলের দেওয়া পরামর্শের তুলনায় ভালো।” কারণ অবশালোমের উপর বিপর্যয় আনার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভালো পরামর্শটি বানচাল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
15হূশয়, সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে বললেন, “অহীথোফল অবশালোম ও ইস্রায়েলের প্রাচীনদের এই এই কাজ করার পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তাদের অমুক অমুক কাজ করার পরামর্শ দিয়েছি।
16তোমরা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে বোলো, ‘আপনি মরুপ্রান্তরে নদীর অগভীর স্থানের কাছে রাত কাটাবেন না; যে করেই হোক সেটি পার হয়ে যান, তা না হলে রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন নিঃশেষ হয়ে যাবেন।’ ”
17যোনাথন ও অহীমাস ঐন-রোগেলে ছিলেন। একজন দাসীর তাদের খবর দেওয়ার কথা ছিল, ও তাদের গিয়ে রাজা দাউদকে তা বলার কথা ছিল, কারণ নগরে প্রবেশ করে ধরা পড়ার ঝুঁকি তারা নিতে চাননি।
18কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলেছিল ও অবশালোমকে খবর দিয়েছিল। তাই তারা দুজনেই তৎক্ষণাৎ পালিয়ে বহুরীমে একজনের বাসায় গিয়ে উঠেছিলেন। তার উঠোনে একটি কুয়ো ছিল, ও তারা তার মধ্যে নেমে গেলেন।