1আমি দেখলাম, সদাপ্রভু বেদির পাশে দাঁড়িয়ে আছেন আর তিনি বললেন: “তুমি স্তম্ভগুলির মাথায় আঘাত করো, যেন দুয়ারের চৌকাঠগুলি কেঁপে ওঠে। সেগুলি সব লোকের মাথায় ভেঙে ফেলো; যারা অবশিষ্ট থাকবে, তাদের আমি তরোয়ালের আঘাতে মেরে ফেলব। তাদের কেউই নিষ্কৃতি পাবে না, একজনও পালাতে পারবে না।
2তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও, সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে। তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও, সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
3তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে, সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব। তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়, সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব।