16তখন উপকূলের সমস্ত শাসনকর্তারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলি খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সবসময় কাঁপতে থাকবে, ও তোমাকে দেখে হতভম্ব হবে।
17তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে: “ ‘হে নাম করা নগর, তুমি কেমন করে ধ্বংস হয়ে গেলে, তোমার লোকেরা তো সমুদ্রে চলাচল করত! সমুদ্রে তোমরা শক্তিশালী ছিলে, তুমি এবং তোমার অধিবাসীরা; যারা সেখানে বাস করত তুমি তাদের ভয় দেখাতে।
18এখন তোমার পতনের দিনে উপকূল কাঁপছে; সমুদ্রের দ্বীপ সকল তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’
19“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যখন তোমাকে জনশূন্য নগর করব, অন্যান্য নগরের মতো যেখানে কেউ বাস করে না, আর যখন মহাসমুদ্রের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে,
20তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে পুরানো দিনের লোকদের কাছে নিচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে বাস করাব, তুমি আর ফিরে আসবে না অথবা জীবিতদের দেশে তোমার স্থান হবে না।