13বায়াল-দেবতাদের উদ্দেশে সে যতদিন ধূপদাহ করেছিল, তার জন্য আমি তাকে শাস্তি দেব; সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত এবং তার প্রেমিকদের পশ্চাদগামী হত, কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল,” সদাপ্রভু একথা ঘোষণা করেন।
14“অতএব আমি এখন তাকে বিমোহিত করব; তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব, ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলব।
15সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে তৈরি করব এক আশার দুয়ারে। সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে, যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল।”
16সদাপ্রভু বলেন, “সেদিন, তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে; তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
17আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল-দেবতার নাম মুছে দেব; তাদের নাম আর কখনও উচ্চারণ করা হবে না।