2সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে, সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
3ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি— ভস্মের পরিবর্তে সৌন্দর্যের মুকুট, শোকবিলাপের পরিবর্তে আনন্দের তেল, এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে প্রশংসার পোশাক। তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ, শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য যা সদাপ্রভু রোপণ করেছেন।
4তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে; বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।
5বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে; বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে।
6আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ, তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে। তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে, আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।