3ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি— ভস্মের পরিবর্তে সৌন্দর্যের মুকুট, শোকবিলাপের পরিবর্তে আনন্দের তেল, এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে প্রশংসার পোশাক। তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ, শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য যা সদাপ্রভু রোপণ করেছেন।
4তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে; বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।
5বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে; বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে।
6আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ, তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে। তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে, আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।
7লজ্জার পরিবর্তে আমার প্রজারা দ্বিগুণ অংশের অধিকার লাভ করবে; আর অপমানের পরিবর্তে তারা তাদের উত্তরাধিকারে উল্লসিত হবে; এভাবেই তারা নিজেদের দেশে দ্বিগুণ অংশের অধিকার পাবে আর চিরস্থায়ী আনন্দ হবে তাদের অধিকার।