9যারাই এই নগরে থাকবে, তারা তরোয়াল, দুর্ভিক্ষ বা মহামারিতে মারা যাবে। কিন্তু যারা বের হয়ে অবরোধকারী ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, তারা বেঁচে থাকবে। তারা তাদের প্রাণরক্ষা করবে।
10আমি এই নগরের মঙ্গল নয়, ক্ষতি করার জন্য মনস্থির করেছি, সদাপ্রভু এই কথা বলেন। এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে, আর সে এই নগর আগুন দিয়ে ধ্বংস করবে।’
11“এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;
12দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন: “ ‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো; যার সর্বস্ব হরণ করা হয়েছে, তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো, তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে, তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না; তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।
13হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”