1সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র ভাববাদী হনানিয়, সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোকের উপস্থিতিতে আমাকে এই কথা বলল:
2“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।
3ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সদাপ্রভুর গৃহের যেসব আসবাবপত্র এখান থেকে অপসারিত করে ব্যাবিলনে নিয়ে যায়, দুই বছরের মধ্যে সেই সবই আমি এই স্থানে ফিরিয়ে আনব।
4আমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে এবং যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়া সব ব্যক্তিকে এই স্থানে ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।’ ”