18আমি তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করব ও জগতের সমস্ত রাজ্যের কাছে তাদের ঘৃণ্য করে তুলব। আমি যেখানেই তাদের বিতাড়িত করি, সেইসব জাতির কাছে অভিশাপ ও বিভীষিকার, নিন্দা ও দুর্নামের পাত্র করব।
19কারণ তারা আমার কথা শোনেনি,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তাদের কাছে আমার যে দাস ভাববাদীদের মাধ্যমে বারবার যেসব বার্তা প্রেরণ করেছিলাম, তা তারা শোনেনি। আর নির্বাসিত যে তোমরা, তোমরাও আমার কথা শোনোনি,” সদাপ্রভু এই কথা বলেন।
20সেই কারণে, আমি যাদের জেরুশালেম থেকে ব্যাবিলনে নির্বাসনে প্রেরণ করেছি, সেই তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।
21কোলায়ের পুত্র আহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয় সম্বন্ধে, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলেছে, তাদের সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “আমি তাদের ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাতে সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনে তাদের মেরে ফেলবে।
22তাদের কারণে, যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত সকলে এই অভিশাপের বাক্য ব্যবহার করবে: ‘সদাপ্রভু তোমার প্রতি সিদিকিয় ও আহাবের মতো আচরণ করুন, যাদের ব্যাবিলনের রাজা অগ্নিদগ্ধ করেছেন।’