14“যারা ধনুকে চাড়া দাও, তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো। তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
15সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও! সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে, তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে। যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তোমরা তার উপরে প্রতিশোধ নাও; অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।
16ব্যাবিলন থেকে বীজবপককে ও যারা ফসল কাটার সময় কাস্তে ধরে, তোমরা তাদের উচ্ছিন্ন করো। অত্যাচারীর তরোয়ালের জন্য প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাক, প্রত্যেকেই পালিয়ে যাক তার নিজের নিজের দেশে।
17“ইস্রায়েল যেন এক ছিন্নভিন্ন মেষপাল, যাদের সিংহেরা তাড়িয়ে দিয়েছে। আসিরিয়া-রাজ তাকে সর্বপ্রথম গ্রাস করেছে, সবশেষে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তার হাড়গুলি চূর্ণ করেছে।”
18সেই কারণে, সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “আমি যেমন আসিরীয় রাজাকে দণ্ড দিয়েছি, তেমনই ব্যাবিলনের রাজা ও তার দেশকে দণ্ড দেব।