29“ব্যাবিলনের বিরুদ্ধে তিরন্দাজদের তলব করো, যারা ধনুকে চাড়া দেয় তাদের ডাকো। তার চারপাশে শিবির স্থাপন করো, কেউ যেন পালাতে না পারে। তার কৃতকর্মের প্রতিফল তাকে দাও; সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো। কারণ সে ইস্রায়েলের পবিত্রতম জন, সেই সদাপ্রভুর বিরুদ্ধে দর্প করেছে।
30সেই কারণে, তার যুবকেরা পথে পথে পতিত হবে; তার সব সৈন্যকে সেদিন মেরে ফেলা হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
31“হে উদ্ধত জন, দেখো, আমি তোমার বিরোধী,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তোমার শেষের দিন সমাগত, যখন তোমাকে দণ্ডিত করা হবে।
32সেই উদ্ধত জন হোঁচট খেয়ে পতিত হবে, কেউ তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না; আমি তার নগরগুলিতে অগ্নি সংযোগ করব, তা তার চারপাশের সবাইকে গ্রাস করবে।”
33বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে, হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ। বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে, তাদের কাউকে চলে যেতে দেয় না।