5তারা সিয়োনে যাওয়ার পথের কথা জিজ্ঞাসা করবে ও সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এক চিরস্থায়ী চুক্তির বাঁধনে সদাপ্রভুর সঙ্গে নিজেদের আবদ্ধ করবে, সেই চুক্তি লোকে কখনও ভুলে যাবে না।
6“আমার প্রজারা হারানো মেষের মতো; তাদের পালকেরা তাদের বিপথে চালিত করেছে, তারা তাদের পাহাড়-পর্বতে পরিভ্রমণ করিয়েছে। তারা পাহাড়ে ও পর্বতে উদ্ভ্রান্ত ঘুরে বেড়িয়েছে, তারা নিজেদের বিশ্রামের স্থান ভুলে গেছে।
7যে তাদের সন্ধান পেয়েছে, সেই তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা অপরাধী নই, কারণ তারা তাদের প্রকৃত চারণভূমি, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে, যে সদাপ্রভু ছিলেন তাদের পিতৃপুরুষদের আশাভূমি।’
8“তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং পালের সামনে চলা ছাগলের মতো হও।
9কারণ আমি উত্তর দিকের দেশগুলি থেকে, বড়ো বড়ো জাতির এক জোটকে উত্তজিত করব এবং ব্যাবিলনের বিরুদ্ধে নিয়ে আসব। তারা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করবে, উত্তর দিক থেকে তার দেশ অধিকৃত হবে। তাদের তিরগুলি সুনিপুণ যোদ্ধাদের মতো হবে, যা লক্ষ্য বিদ্ধ না করে ফিরে আসে না।