1সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি এক ধ্বংসকারী আত্মাকে প্রেরণ করব ব্যাবিলনের ও লেব-কামাইয়ের লোকদের বিরুদ্ধে।
2আমি ব্যাবিলনকে ঝাড়াই করা তুষের মতো উড়িয়ে দেওয়ার জন্য তার মধ্যে বিদেশিদের প্রেরণ করব; তার বিপর্যয়ের দিনে, তারা চারপাশ থেকেই তার বিরোধিতা করবে।
3তিরন্দাজদের ধনুকে ছিলা পরাতে দিয়ো না, তারা যেন তাদের বর্ম পরতে না পারে। তাদের যুবকদের প্রতি মমতা কোরো না, তার সৈন্যদলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ো।
4তারা নিহত হয়ে ব্যাবিলনে পড়ে থাকবে, মারাত্মকরূপে আহত হয়ে পথে পথে পড়ে থাকবে।
5কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু পরিত্যাগ করেননি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের সামনে অপরাধে পরিপূর্ণ হয়েছিল।