35আমাদের শরীরের উপরে যে অত্যাচার করা হয়েছে, তা ব্যাবিলনের প্রতিও করা হোক,” একথা সিয়োনের অধিবাসীরা বলুক। জেরুশালেম বলুক, “যারা ব্যাবিলনিয়ায় বসবাস করে, আমাদের রক্তের জন্য তারা দায়ী হোক।”
36সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি তোমাদের পক্ষসমর্থন করব ও তোমাদের পক্ষে প্রতিশোধ নেব; আমি তার সমুদ্রকে জলশূন্য করব ও তার জলের উৎসগুলিকে শুকনো করব।
37ব্যাবিলন হবে এক ধ্বংসের স্তূপ, শিয়ালদের থাকার আস্তানা, সে হবে এক বিভীষিকা ও বিদ্রুপের পাত্র, এমন স্থান, যেখানে কেউ বসবাস করবে না।
38তার লোকেরা যুবসিংহদের মতো গর্জন করবে, তারা সিংহশাবকদের মতো তর্জন করবে।
39কিন্তু যখন তারা উত্তেজিত হবে, আমি তাদের জন্য এক ভোজের ব্যবস্থা করব এবং তাদের মত্ত করব, যেন তারা হেসে হেসে চিৎকার করে, তারপর চিরনিদ্রায় শয়ন করে, কখনও জেগে না ওঠার জন্য,” সদাপ্রভু এই কথা বলেন।