7আর যিহোশূয় বললেন, “হায়, সার্বভৌম সদাপ্রভু, কেন তুমি এই লোকজনকে জর্ডন নদীর এপারে নিয়ে এসে আমাদের ধ্বংস করার জন্য ইমোরীয়দের হাতে সঁপে দিলে? জর্ডন নদীর ওপারে থাকাই আমাদের পক্ষে ভালো ছিল!
8হে প্রভু, তোমার এই দাসকে ক্ষমা করো। ইস্রায়েল এখন যে শত্রুদের কাছে নাস্তানাবুদ হয়েছে, তাই আমি আর কী বলব?
9কনানীয়রা ও দেশের অন্যান্য সব লোকজন এই ঘটনার কথা শুনবে ও তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরবে এবং পৃথিবী থেকে আমাদের নাম মুছে ফেলবে। তখন তুমি তোমার নিজের মহৎ নামের জন্য কী করবে?”
10সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “উঠে দাঁড়াও! তুমি এখানে মুখ লুটিয়ে পড়ে থেকে কী করছ?
11ইস্রায়েল পাপ করেছে; তারা আমার সেই নিয়ম লঙ্ঘন করেছে, যা আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গীকৃত বস্তুগুলির কিছুটা অংশ নিয়ে নিয়েছে; তারা চুরি করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সেগুলি তারা তাদের নিজস্ব বিষয়সম্পত্তির মধ্যে রেখে দিয়েছে।