28এরপর তাদের হাত থেকে মোশি সেগুলি নিলেন এবং অভিষেক নৈবেদ্যরূপে হোমবলির উপরে বেদিতে সকল নৈবেদ্য পোড়ালেন, যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।
29তিনি বক্ষটিও নিলেন যা অভিষেক মেষ থেকে মোশির অংশ এবং দোলনীয় এক নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেটি দোলালেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
30পরে মোশি বেদি থেকে কিছুটা অভিষেকার্থক তেল ও রক্ত নিলেন এবং হারোণ ও তাঁর পরিধানে এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাকে ছিটালেন। এইভাবে হারোণ ও তাঁর পোশাককে, এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাককে মোশি পবিত্র করলেন।
31পরে হারোণ ও তার ছেলেদের মোশি বললেন, “সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তোমরা মাংস রান্না করো ও অভিষেক নৈবেদ্যগুলির ঝুড়ি থেকে রুটি নিয়ে মাংস দিয়ে ভোজন করো: ‘যেমন আমি বললাম, হারোণ ও তার ছেলেরা সবাই সেরকমই করুক।’
32পরে অবশিষ্ট মাংস ও রুটি পুড়িয়ে দাও।