18“থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি ঈশ্বরের পুত্র, যাঁর দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যাঁর দু-পা ঝকঝকে পিতলের মতো, তিনিই একথা বলছেন:
19আমি তোমার সকল কাজকর্ম, তোমার প্রেম ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি; এবং তোমার শেষের কাজগুলি যে প্রথমের কাজগুলিকে ছাপিয়ে গেছে সেকথাও আমি জানি।
20তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্তপথে চালিত করছে।
21তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি।
22সেই কারণে, আমি তাকে কষ্টভোগে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে, তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড যন্ত্রণায় ফেলব।