9সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের ভিত্তি স্থাপনের সময় ভাববাদীদের মুখের কথা এখন যে তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের হাত সবল হোক যেন মন্দির নির্মাণ করা হয়।
10সেই কাজ আরম্ভ করার আগে কোনও মানুষের বেতন কিংবা পশুর ভাড়া ছিল না। শত্রুর দরুন কেউ নিরাপদে নিজের কাজ করার জন্য চলাফেরা করতে পারত না, কারণ আমি প্রত্যেকজনকে নিজের নিজের প্রতিবেশীর বিরোধী করে তুলেছিলাম।
11কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সঙ্গে আগেকার মতো ব্যবহার করব না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
12“বীজ থেকে গাছ ভালোভাবে বেড়ে উঠবে, দ্রাক্ষালতায় ফল ধরবে, মাটিতে ফসল ফলবে, আর আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেদের আমি এসবের উত্তরাধিকারী করব।
13হে যিহূদা ও ইস্রায়েল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব, আর তোমরা আশীর্বাদস্বরূপ হবে। ভয় কোরো না, বরং শক্তিশালী হও।”