1একথা বলে শমূয়েল এক কুপি জলপাইয়ের তেল নিয়ে শৌলের মাথায় তা ঢেলে দিলেন ও তাঁকে চুমু দিয়ে বললেন, “সদাপ্রভুই কি তোমাকে তাঁর অধিকারের উপর শাসনকর্তা পদে অভিষিক্ত করেননি?
2আজ আমায় ছেড়ে যাওয়ার পর, বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকার সীমানায় সেলসহ বলে একটি স্থানে রাহেলের সমাধির কাছে তুমি দুজন লোকের দেখা পাবে। তারা তোমাকে বলবে, ‘যে গাধিগুলির খোঁজে আপনি গিয়েছিলেন, সেগুলি পাওয়া গিয়েছে। এখন আপনার বাবা সেগুলির কথা না ভেবে বরং আপনার কথা ভেবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি জানতে চাইছেন, “আমার ছেলের জন্য আমি কী করব?” ’
3“তারপর তুমি সেখান থেকে তাবোরের ওক গাছটির কাছাকাছি গিয়ে পৌঁছাবে। বেথেলে আরাধনা করতে যাচ্ছে, এমন তিনটি লোকের সঙ্গে সেখানে তোমার দেখা হবে। দেখবে একজন তিনটি ছাগলছানা, অন্যজন তিনটি রুটি, আর একজন এক মশক ভর্তি দ্রাক্ষারস বহন করে নিয়ে যাচ্ছে।
4তারা তোমায় শুভেচ্ছা জানাবে এবং তোমাকে দুটি রুটি নিতে বলবে, যা তুমি তাদের কাছ থেকে গ্রহণও করবে।