1হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো, কারণ তোমরা যারা দেশে বাস করো, সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান: “দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।
2এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা, চুরি ও ব্যভিচার; এরা সমস্ত সীমা লঙ্ঘন করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
3এই কারণে এ দেশ শোকবিলাপ করে, এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে; মাঠের পশুরা ও আকাশের সব পাখি এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে।
4“কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে, কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে, কারণ তোমার প্রজারা তাদেরই মতো, যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে।