1দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?
2ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি।
3তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।
4তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও, আমাকে তীব্র রোদন করতে দাও। আমার জাতির বিনাশের জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”