9তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো, নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও; মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়, টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।
10সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন: তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের); তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।
11তোমাদের কাছে এই দর্শনের সমস্তটাই সিলমোহরাঙ্কিত পুঁথির বাণী ছাড়া আর কিছুই নয়। যে পাঠ করতে পারে, তাকে যদি তোমরা ওই পুঁথিটি দাও ও তাকে বলো, “দয়া করে তুমি এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে পারব না, কারণ এতে সিলমোহর দেওয়া আছে।”
12অথবা যে পড়তে জানে না, এমন কাউকে যদি পুঁথিটি দাও ও বলো, “দয়া করে এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে জানি না।”
13সদাপ্রভু বলেন: “এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে, তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে। তারা আমার যে উপাসনা করে, তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।