8কারণ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের একটি দিন আছে, সিয়োনের পক্ষ সমর্থনের জন্য আছে একটি প্রতিফল দানের সময়।
9ইদোমের নদীগুলি আলকাতরায় পরিণত হবে, তার ধুলো সব হবে প্রজ্বলিত গন্ধকের মতো, তার জমি হবে দাউদাউ করে জ্বলে ওঠা আলকাতরার মতো!
10দিনে বা রাত্রে তা কখনও নিভে যাবে না; চিরকাল তার মধ্য থেকে ধোঁয়া উঠবে। বংশপরম্পরায় তা পরিত্যক্ত পড়ে থাকবে; তার মধ্য দিয়ে আর কেউ পথ অতিক্রম করবে না।
11মরু-প্যাঁচা ও লক্ষ্মী-প্যাঁচা তা অধিকার করবে, হুতুম-প্যাঁচা ও দাঁড়কাকেরা সেখানে বাসা বাঁধবে। ঈশ্বর ইদোমের উপরে বিছিয়ে দেবেন বিশৃঙ্খলার মাপকাঠি ও ধ্বংসের ওলন-দড়ি।
12তার সম্ভ্রান্তজনেদের পক্ষে রাজ্য বলার মতো কিছুই থাকবে না, তার সমস্ত রাজবংশীয়রা অন্তর্হিত হবে।