6তিনি বলেন, “যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার। আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব, যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”
7যে ব্যক্তি অবজ্ঞাত ও জাতিসমূহের কাছে ঘৃণাস্পদ, যে শাসকদের দাসানুদাস, তার প্রতি সদাপ্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা ও সেই পবিত্রতম জন, এই কথা বলেন, “রাজারা তোমাকে দেখে উঠে দাঁড়াবে, সম্ভ্রান্ত মানুষেরা তোমাকে দেখে প্রণত হবে, তা হবে সদাপ্রভুর জন্য, যিনি বিশ্বাসভাজন, তিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তোমাকে মনোনীত করেছেন।”
8সদাপ্রভু এই কথা বলেন, “আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমাকে উত্তর দেব, পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করব; আমি তোমাকে রক্ষা করব এবং প্রজাদের কাছে তোমাকে আমার চুক্তিস্বরূপে দেব, যেন তুমি দেশের পুনঃপ্রতিষ্ঠা করো এবং এর পরিত্যক্ত অধিকারকে পুনরায় ফিরিয়ে আনো,
9যেন বন্দিদের বলতে পারো, ‘বেরিয়ে এসো,’ ও যারা অন্ধকারে আছে তাদের বলতে পারো, ‘মুক্ত হও!’ “তারা পথের ধারে খাবার খাবে এবং প্রত্যেক বৃক্ষহীন পর্বতে চারণভূমি পাবে।
10তারা আর ক্ষুধিত কি তৃষ্ণার্ত হবে না, মরুভূমির উত্তাপ বা সূর্যের প্রখর তাপ তাদের যন্ত্রণা করবে না। যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে তাদের পথ দেখাবে, এবং তাদের নিয়ে যাবে জলস্রোতের কিনারায়।