6যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য, তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে ও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—
7তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব এবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব। তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য আমার বেদিতে গ্রহণ করা হবে; কারণ আমার গৃহ আখ্যাত হবে সর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”
8সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের নির্বাসিতদের সংগ্রহ করেন: “যাদের সংগ্রহ করা হয়েছে, তাদের ছাড়াও, আমি আরও অন্যদের সংগ্রহ করব।”
9মাঠের সমস্ত পশু, তোমরা এসো, বনের সমস্ত পশু, তোমরা এসে গ্রাস করো!
10ইস্রায়েলের প্রহরীরা অন্ধ, তাদের প্রত্যেকের জ্ঞানের অভাব আছে; তারা সকলেই বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে জানে না; তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তারা ঘুমাতে ভালোবাসে।