11সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন:
12“এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে, তার সবগুলিকেই তুমি চক্রান্ত বোলো না; তারা যাকে ভয় করে, তুমি তাতে ভয় পেয়ো না এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হোয়ো না।
13সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে, কেবলমাত্র তাঁকেই তুমি ভয় করবে, কেবলমাত্র তাঁরই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে।
14আর তিনিই হবেন তোমার ধর্মধাম; কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে। আর জেরুশালেমের লোকদের জন্য তিনি এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।
15তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে; তারা পতিত হয়ে ভগ্ন হবে, তারা ফাঁদে ধৃত হয়ে বন্দি হবে।”