11“তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’
12কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”
13সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো, তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে? এক অত্যন্ত ভয়ংকর কাজ কুমারী-ইস্রায়েল করেছে।
14লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে কখনও অন্তর্হিত হয়? দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত কখনও কি নিবৃত্ত হয়?
15আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে; তারা অসার প্রতিমাদের উদ্দেশে ধূপদাহ করে, যে প্রতিমারা তাদের বিভিন্ন পথে ও পুরাতন পথগুলিতে চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা বিভিন্ন গলিপথে ও যে পথ নির্মিত হয়নি, সেই পথে তাদের চালিত করে।