3এখন সদাপ্রভু তাই ঘটতে দিয়েছেন। তিনি যেমন করবেন বলেছিলেন, ঠিক তেমনই করেছেন। এই সমস্তই এজন্য ঘটেছে, কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন ও তাঁর আদেশ পালন করেননি।
4কিন্তু আমি আজ আপনার কব্জির শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করছি। আপনি যদি চান, তাহলে আমার সঙ্গে ব্যাবিলনে যেতে পারেন, আমি আপনার তত্ত্বাবধান করব। কিন্তু আপনি যদি যেতে না চান, তাহলে যাবেন না। দেখুন, সমস্ত দেশ আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে ইচ্ছা সেখানে যান।”
5কিন্তু, যিরমিয় সেখান থেকে ফিরে যাওয়ার আগেই নবূষরদন আরও বললেন, “আপনি শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে যান। ব্যাবিলনের রাজা তাঁকেই যিহূদার নগরগুলির উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন। তাঁরই সঙ্গে আপনি লোকদের মাঝে বসবাস করুন, অথবা অন্যত্র যেখানে আপনি যেতে চান, চলে যান।” তারপর সেই সেনাপতি তাঁকে বিভিন্ন পাথেয় ও একটি উপহার দিয়ে তাঁকে বিদায় দিলেন।
6অতএব, যিরমিয় মিস্পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে গেলেন এবং তাঁর কাছে, দেশের ছেড়ে দেওয়া লোকদের মাঝে অবস্থিতি করলেন।
7যখন খোলা মাঠে ছড়িয়ে থাকা যিহূদার সমস্ত সৈন্যাধ্যক্ষ ও তাদের লোকেরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা অহীকামের পুত্র গদলিয়কে দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন এবং সব পুরুষ, নারী ও ছেলেমেয়েদের, যারা ছিল দেশের মধ্যে দরিদ্রতম এবং যাদের ব্যাবিলনে নির্বাসিত করা হয়নি, তাদের তত্ত্বাবধানের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন,