1ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
2সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, উত্তর দিকের জলরাশি কেমন ফেঁপে উঠছে; তা এক উপচে পড়া স্রোতে পরিণত হবে। তা সেই দেশ, তার নগরগুলি ও সেগুলির মধ্যে বসবাসকারী সব কিছুকেই প্লাবিত করবে। লোকেরা চিৎকার করে উঠবে, দেশে বসবাসকারী সকলেই বিলাপ করবে
3দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে, শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে। বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না, তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।
4কারণ সব ফিলিস্তিনীকে ধ্বংস করার, যারা সোর ও সীদোনের সাহায্য করত, সেই সমস্ত অবশিষ্ট লোককে উচ্ছিন্ন করার দিন, এসে পড়েছে। সদাপ্রভু ফিলিস্তিনীদের ধ্বংস করতে চলেছেন, কপ্তোরের উপকূল থেকে আসা অবশিষ্টদের তিনি ধ্বংস করবেন।