31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।
32ওহে সিব্মার দ্রাক্ষালতা সব, আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। বিনাশকারীরা হামলে পড়েছে তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।
33মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে। আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি; কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না। যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়, সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়।
34“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে হিষ্বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত, সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে।
35মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে, যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে, আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন।