26কোণের পাথর করার জন্য তোমার মধ্য থেকে কোনো পাথর আর কেউ নেবে না, কিংবা ভিত্তিমূলের জন্য তোমার কোনো পাথর নেওয়া হবে না, কারণ তুমি চিরকালের জন্য পরিত্যক্ত হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
27“তোমরা দেশের মধ্যে পতাকা তোলো! জাতিগণের মধ্যে তূরী বাজাও! ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিগণকে প্রস্তুত করো; আরারট, মিন্নি ও অস্কিনস্, এই রাজ্যগুলিকে তার বিরুদ্ধে ডেকে পাঠাও। তার বিরুদ্ধে এক সেনাপতিকে নিয়োগ করো, পঙ্গপালের ঝাঁকের মতো অশ্বদের পাঠিয়ে দাও।
28তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিগণকে প্রস্তুত করো— মাদীয় রাজাদের, তাদের প্রদেশপাল ও রাজকর্মচারীদের ও তাদের শাসনাধীনে থাকা যত দেশকে।
29সেই দেশ কাঁপছে ও যন্ত্রণায় মোচড় খাচ্ছে, কারণ ব্যাবিলনের বিরুদ্ধে সদাপ্রভুর অভিপ্রায়গুলি স্থির রয়েছে— যেন ব্যাবিলন পরিত্যক্ত পড়ে থাকে, আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
30ব্যাবিলনের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা নিজেদের দুর্গগুলির মধ্যে আছে। তাদের শক্তি নিঃশেষিত হয়েছে; তারা সব এক-একটি নারীর মতো হয়েছে। তাদের বাড়িগুলিতে আগুন দেওয়া হয়েছে; তাদের সব নগরদ্বারের স্তম্ভগুলি ভেঙে গেছে।