17বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা এখন বিবেচনা করো! বিলাপকারী স্ত্রীদের আসার জন্য ডেকে পাঠাও; তাদের মধ্যে যারা এই ব্যাপারে নিপুণ, তাদের আসতে বলো।
18তারা দ্রুত এসে আমাদের জন্য বিলাপ করুক, যতক্ষণ না আমাদের চোখের জল গড়িয়ে পড়ে, আমাদের চোখের পাতা থেকে অশ্রুধারা বয়ে যায়।
19সিয়োন থেকে শোনা যাচ্ছে বিলাপের আওয়াজ: ‘আমরা কেমন ধ্বংস হয়ে গেলাম! আমাদের লজ্জা কেমন ব্যাপক! আমাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে, কারণ আমাদের বাড়িগুলি হয়েছে ধ্বংস।’ ”
20এখন, হে স্ত্রীলোকেরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; তোমরা তাঁর মুখের কথার প্রতি কান খোলা রাখো। কীভাবে বিলাপ করতে হয়, তোমাদের কন্যাদের শেখাও, তোমরা পরস্পরকে বিলাপ করতে শিক্ষা দাও।
21আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করে যেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে; রাস্তা থেকে ছেলেমেয়েদের এবং প্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে।