4সিয়োনগামী পথগুলি শোকে ম্রিয়মাণ, কারণ নির্ধারিত উৎসবগুলিতে আর কেউ আসে না। তার সবকটি তোরণদ্বারের প্রবেশপথ নির্জন, তার যাজকেরা আর্তনাদ করে। তার কুমারী-কন্যারা শোকার্ত, এবং সে নিজে তিক্ত মনোবেদনায় আচ্ছন্ন।
5তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে; তার শত্রুরা আজ নিশ্চিন্ত। তার অনেক অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন। তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে, শত্রুদের চোখের সামনে তারা বন্দি হয়েছে।
6সিয়োন-কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।
7তার ক্লেশ ও অস্থির বিচরণের দিনগুলিতে, জেরুশালেম তার সব ঐশ্বর্যের কথা স্মরণ করে যা পুরোনো দিনে তার ছিল। যখন তার লোকেরা শত্রুদের হাতে ধরা পড়ল, তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। তার শত্রুরা তার দিকে তাকিয়েছিল এবং তার বিনাশের জন্য ব্যঙ্গবিদ্রুপ করেছিল।
8জেরুশালেম প্রচুর পাপ করেছে, এবং তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে, কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে; সে নিজেও আর্তনাদ করে ও উল্টোদিকে মুখ ফিরায়।