গীত 126

1সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন, তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!

2আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল, আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল। সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল, “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

3যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন, এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

4হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো, নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।

5যারা চোখের জলে বীজবপন করে, তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।

6যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায় বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়, আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে, সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.