গীত 83

1হে ঈশ্বর, তুমি নীরব থেকো না; আমার প্রতি বধির হোয়ো না, হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না।

2দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে, দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে।

3তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে; তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।

4“এসো,” তারা বলে, “আমরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করি, আর যেন ইস্রায়েলের নাম মনে না রাখা হয়।”

5তারা এক মনে চক্রান্ত করে; তোমার বিরুদ্ধে তারা একজোট গঠন করে—

6ইদোমের তাঁবুগুলি আর ইশ্মায়েলীয়রা, মোয়াব আর হাগরীয়রা,

7গিব্‌লীয়, অম্মোন আর অমালেকীয়রা, সোরের বাসিন্দাদের সঙ্গে, ফিলিস্তিয়া।

8এমনকি আসিরিয়া তাদের সঙ্গে একজোট হয়েছে আর লোটের উত্তরপুরুষদের সঙ্গে একজোট হয়েছে।

9তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে,

10ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।

11বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো আর তাদের অধিপতিরা সেবহ ও সল্‌মুন্নার মতো মরে যাক,

12কেননা তারা বলেছিল, “এসো, আমরা ঈশ্বরের চারণভূমি অধিকার করি।”

13হে ঈশ্বর, তাদের ঘূর্ণীয়মান ধুলোর মতো, বাতাসের সামনে তুষের মতো করো।

14আগুন যেমন জঙ্গল গ্রাস করে অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,

15সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো।

16হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও, যেন তারা তোমার নাম অন্বেষণ করে।

17তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়; তারা যেন অপমানে বিনষ্ট হয়।

18তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু, আর একমাত্র তুমিই সমগ্র জগতের উপর পরাৎপর।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.