গীত 5

1হে সদাপ্রভু, আমার কথা শোনো, আমার বিলাপে কর্ণপাত করো।

2আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।

3সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি।

4কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন; কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।

5দাম্ভিকেরা তোমার সামনে দাঁড়াতে পারে না। যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;

6মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। যারা রক্তপিপাসু ও ছলনাকারী তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো।

7কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, তোমার ভবনে প্রবেশ করতে পারি; তোমার পবিত্র মন্দিরের সামনে শ্রদ্ধায় আমি নত হই।

8হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি।

9তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়; হিংসায় ওদের অন্তর পূর্ণ। তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে।

10হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো! ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

11কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; তারা চিরকাল আনন্দগান করুক। তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

12নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো; সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.