8ও আমার বধূ লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো, লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো। অমানার শৃঙ্গ থেকে, শনীর চূড়া থেকে, হর্মোণের শীর্ষদেশ থেকে, সিংহদের গুহা থেকে এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাঘদের আস্তানা থেকে অবতরণ করো।
9তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ; তোমার এক মুহূর্তের চাহনি, তোমার জড়োয়ার একটিমাত্র রত্ন আমার হৃদয় হরণ করেছে।
10কী মধুর তোমার প্রেম, মম ভগিনী, মম বধূ! তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ যে কোনও সুগন্ধি মশলার চেয়েও কত বেশি আনন্দদায়ক!
11ওগো মোর বধূ, তোমার ওষ্ঠাধর থেকে মৌচাকের মতো মধু ঝরে পড়ে, তোমার জিহ্বার নিচে দুধ ও মধু আছে। তোমার পোশাকের সুবাস লেবাননের মতো।
12মম ভগিনী, মম বধূ, তুমি অর্গলবদ্ধ এক বাগিচা; এক মুদ্রাঙ্কিত, অবরুদ্ধ ঝরনা।