5অস্কিলোন তা দেখে ভয় পাবে; গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে, এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
6বিদেশিরা অস্দোদ দখল করবে, এবং আমি ফিলিস্তিনীদের অহংকার শেষ করে দেব।
7আমি তাদের মুখ থেকে রক্ত, দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব। যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে আর তারা হবে যিহূদার একটি পরিবার গোষ্ঠী, এবং ইক্রোণ হবে যিবূষীয়ের মতো।
8কিন্তু আমি আমার গৃহ রক্ষা করব অনুপ্রবেশকারী বাহিনী থেকে। কোনো অত্যাচারী আর কখনও আমার লোকদের ধরবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
9হে সিয়োন-কন্যা, খুব আনন্দ করো! হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি করো! দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও বিজয়ী, নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন, গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।