1ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা; সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল; তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল।
2তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ, তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে। সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।
3তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”
4তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে; সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।
5শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ। কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে, যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা, যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল, কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।