1“এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন; তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।
2দু-দিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন; তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত, যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি।
3এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব; তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”
4“ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব? যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব? তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো, ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।