7সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে; তারা গান গেয়ে আনন্দ করছে।
8এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও এই আনন্দ সংগীত গেয়ে বলে, “এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে, আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”
9নিম্নস্থ পাতাল তোমার আগমনে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে; তোমাকে স্বাগত জানানোর জন্য এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায় তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা। যারা জাতিসমূহের উপরে রাজা ছিল, এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।
10তারা সকলেই প্রত্যুত্তর করবে, তারা সবাই তোমাকে বলবে, “তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ; তুমি আমাদের সদৃশ হয়েছ।”
11তোমার বীণাগুলির কোলাহল সমেত তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে; শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে, আর কীটেরা তোমাকে আবৃত করে।