1ওহে দ্বীপনিবাসীরা, আমার কথা শোনো; দূরবর্তী জাতিসমূহ, তোমরা একথা শোনো: আমার জন্ম হওয়ার পূর্বে সদাপ্রভু আমাকে আহ্বান করেছেন; আমার জন্ম হওয়া থেকে তিনি আমার নামের উল্লেখ করেছেন।
2তিনি আমার মুখকে করেছেন ধারালো তরোয়ালের মতো, তাঁর হাতের ছায়ায় তিনি আমাকে লুকিয়ে রেখেছেন; তিনি আমাকে গঠন করেছেন এক শাণিত তিরের মতো এবং আবৃত রেখেছেন তাঁর তূণের মধ্যে।
3তিনি আমাকে বলেছেন, “তুমি আমার দাস, তুমি ইস্রায়েল, তোমার মাধ্যমেই আমি মহিমান্বিত হব।”