6আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ, তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে। তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে, আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।
7লজ্জার পরিবর্তে আমার প্রজারা দ্বিগুণ অংশের অধিকার লাভ করবে; আর অপমানের পরিবর্তে তারা তাদের উত্তরাধিকারে উল্লসিত হবে; এভাবেই তারা নিজেদের দেশে দ্বিগুণ অংশের অধিকার পাবে আর চিরস্থায়ী আনন্দ হবে তাদের অধিকার।
8“কারণ আমি সদাপ্রভু, আমি ন্যায়বিচার ভালোবাসি; আমি দস্যুবৃত্তি ও অধর্ম ঘৃণা করি। আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কৃত করব এবং তাদের সঙ্গে প্রতিষ্ঠিত করব এক চিরস্থায়ী নিয়ম।
9তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে। যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে, তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
10আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি; আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়। যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়, যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে, সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন, আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।