12এছাড়া তোমরা, তোমাদের পিতৃপুরুষদের চেয়েও বেশি দুষ্টতার কাজ করেছ। দেখো, তোমরা প্রত্যেকে আমার আদেশ পালন না করে কেমনভাবে নিজেদের মন্দ হৃদয়ের অনুসারী হয়েছ।
13তাই, আমি এই দেশ থেকে তোমাদের এমন এক দেশে ছুঁড়ে ফেলে দেব, যে দেশের কথা তোমরা জানো না বা তোমাদের পিতৃপুরুষেরা জানত না। সেখানে তোমরা দিনরাত অন্যান্য দেবদেবীর সেবা করবে, কারণ আমি তোমাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করব না।’
14“তবুও, এমন দিন আসন্ন,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন লোকেরা আর ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলীদের মিশর থেকে মুক্ত করে এনেছিলেন একথা বলবে না,’
15বরং তারা বলবে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি উত্তরের দেশ থেকে এবং যে সমস্ত দেশে তিনি তাদের নির্বাসিত করেছিলেন, সেখান থেকে ইস্রায়েলীদের মুক্ত করে এনেছেন।’ কারণ তাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেখানেই তাদের আবার ফিরিয়ে আনব।
16“কিন্তু এবারে আমি বহু জেলেকে পাঠাব,” সদাপ্রভু এই কথা বলেন, “তারা তাদের ধরবে। তারপর আমি পাঠাব বহু শিকারিকে, যারা তাদের প্রত্যেক পাহাড় ও পর্বতের ফাটল ও বড়ো বড়ো পাথরের খাঁজ থেকে শিকার করে আনবে।