1সদাপ্রভু এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কেনো। তুমি লোকদের মধ্যে থেকে কয়েকজন প্রাচীন ও যাজকদের তোমার সঙ্গে নিয়ো।
2তারপর তোমরা খোলামকুচি ফটকের প্রবেশদুয়ারের কাছে স্থিত বিন-হিন্নোমের উপত্যকায় যাও। সেখানে আমি তোমাকে যে কথা বলি, তা ঘোষণা কোরো।
3তুমি তাদের বোলো, ‘হে যিহূদার রাজা ও জেরুশালেমের অধিবাসীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, একথা বলেন: তোমরা শোনো, আমি এই স্থানের উপরে এমন এক বিপর্যয় নিয়ে আসব, তা যে কেউ শুনবে, তার কান শিউরে উঠবে।