13তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল।
14“তোমরা কেমন করে বলতে পারো, ‘আমরা যোদ্ধা, যুদ্ধে আমরা বীরত্ব দেখিয়েছি’?
15মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
16“মোয়াবের পতন এসে পড়েছে; দ্রুত এসে পড়বে তার দুর্যোগ।
17তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’