2তবুও, আমি অরীয়েল অবরোধ করব; সে শোকবিলাপ ও হাহাকার করবে, সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।
3আমি তোমার চারপাশে শিবির স্থাপন করব; আমি উঁচু সব মিনার দিয়ে তোমাকে ঘিরে রাখব এবং তোমার বিরুদ্ধে আমার জাঙ্গাল প্রস্তুত করব।
4নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে; ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে। ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো; ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।
5কিন্তু তোমার বহু শত্রু হবে মিহি ধুলোর মতো, নির্মম নিপীড়নকারীদের বিপুল দল হবে তাড়িত তুষের মতো। হঠাৎই, এক মুহূর্তের মধ্যে,
6সর্বশক্তিমান সদাপ্রভু এসে উপস্থিত হবেন, তাঁর সঙ্গী হবে বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড কোলাহল, তাঁর সঙ্গী হবে ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা ও সর্বগ্রাসী আগুনের শিখা।